২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:১৮

টাইগাররা ঘুরে দাঁড়াচ্ছে সাব্বির-মুশফিকের ব্যাটে

স্পোর্টস ডেস্ক:

৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন মুশফিকুর রহীম আর সাব্বির রহমান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৯ ওভার শেষে ৩ উইকেটে ৬৩ রান। সাব্বির ২৫ আর মুশফিক ৭ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস ১৯ বলের জুটিতে তুলে ফেলেন ২৭ রান। তবে ভালো শুরুর পরও আরও একবার হতাশ করেছেন লিটন।

ব্যর্থতার বৃত্ত ফুড়ে এই ম্যাচেও বের হয়ে আসতে পারেননি সৌম্য সরকার। চাহালকে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে শেখর ধাওয়ানের ক্যাচ হয়েছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। করেন মাত্র ১ রান।

বাংলাদেশ আজ শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ ছিল, সেই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। তবে ভারত দলে এসেছে একটি পরিবর্তন। মোহাম্মদ সিরাজের পরিবর্তে এসেছেন জয়দেব উনাদকাত।

সাকিব আল হাসানের দলের সামনে এবার দারুণ এক অর্জনের সুযোগ। টেস্ট মর্যাদা পাওয়ার পর কখনও কোনো টুর্নামেন্টের ট্রফি জিততে পারেনি টাইগাররা। ভারতের বিপক্ষে তো পরিসংখ্যান আরও নাজুক।

এর আগে নকআউট ম্যাচে তিনবারের দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরমেটে এখন পর্যন্ত এই প্রতিপক্ষের বিপক্ষে জেতেনি একটি ম্যাচও। সাকিব-মাহমুদউল্লাহরা আজ ফাইনালের মঞ্চে পারবেন কি সেই আক্ষেপ ঘুচাতে?

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ৮:২৭ অপরাহ্ণ