নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসামে এক স্কুল শিক্ষিকাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার বাকই ইউনিয়নের অশ্বদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় রাতেই স্থানীয়রা স্বামী মাসুদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক মাসুদ পেশায় একজন অটোরিকশা চালক। নিহত শিক্ষিকা নাছিমা আক্তার (২৮) স্থানীয় অশ্বদিয়া সমবায় বহুমুখী কেজি স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি জেলার লালমাই উপজেলার জয়নগর গ্রামের সফিকুর রহমানের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল মাহফুজ জানান, স্বামীসহ রাতের খাবার খেতে বসেছিলেন নাছিমা। পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে খাওয়ার টেবিলের পাশেই গলাকেটে তাকে হত্যা করে স্বামী মাসুদ হোসেন।
স্থানীয়রা টের পেয়ে ঘাতক মাসুদকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং মাসুদকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষিকার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি আব্দুল্লাহ-আল মাহফুজ জানান।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

