২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৫২

সাংবাদিককে পেটালো স্বেচ্ছাসেবক লীগ নেতা

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা পরিষদে আব্দুর রাজ্জাক রাজ নামে এক সাংবাদিককে পিটিয়েছে কামারখন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল-আমিন ওরফে বাবু।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের নীচতলায় এ মারপিটের ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজ সিরাজগঞ্জ ২৫০ শর্যা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি দৈনিক দিনকাল পত্রিকার কামারখন্দ-বেলকুচি প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

লিখিত অভিযোগে সাংবাদিক আব্দুর রাজ্জাক জানান, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলার ঝাঐল ও ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের ধান ক্রয়ের জন্য কৃষি কার্ডের লটারি হবে এমন খবর পেয়ে সেখানে যান আব্দুর রাজ্জাক। চেয়ারম্যানের কার্যালয়ে যাবার পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল-আমিন বাবুসহ তার সঙে থাকা কয়েকজন তার কলার ধরে চেয়ারম্যানের রুম থেকে টেনে-হিচড়ে নীচে নামিয়ে আনেন। নীচে নামার পর কেন কৃষি কার্ডের সংবাদের জন্য এসেছিস-একথা বলে মারপিট শুরু করেন। পরে তার চিৎকারে উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ দৌঁড়ে নীচে এসে তাদের হাত থেকে রাজ্জাককে রক্ষা করেন। এক পর্যায়ে তারা হত্যার হুমকি দেয়।

উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন বাবুসহ কয়েকজন সাংবাদিক আব্দুর রাজ্জাককে মারপিট করছে দেখে দৌঁড়ে গিয়ে তাকে উদ্ধার করা হয়। সাংবাদিক আব্দুর রাজ্জাক কিছু নিউজ করেছিল যা তাদের বিপক্ষে গেছে এ জন্যই তাকে মারপিট করেছে বলেছে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

কামারখন্দ থানার ভারপাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, সাংবাদিককে মারপিটের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশ :জানুয়ারি ১, ২০২০ ৪:১২ অপরাহ্ণ