নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে দুদকের করা অর্থ পাচার মামলায় পুনঃতদন্ত করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। যার ফলে পুনঃতদন্ত করতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর মোরশেদ খানের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করীম। আদালত থেকে বের হয়ে খুরশিদ আলম খান বলেন, এখন এ মামলার পুনঃতদন্ত চলতে আইনি কোনো বাধা নেই।
এর আগে গত ৬ মার্চ শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য রেখেছিলেন সর্বোচ্চ আদালত। ২০১৩ সালে মোরশেদ খান, তার স্ত্রী ও ছেলেসহ তিনজনের নামে অর্থ পাচারের অভিযোগে একটি মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ২০১৫ সাল পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ছিল। মামলায় ২০১৫ সালে দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর আদালত তাদেরকে অব্যাহতি দিলে মোরশেদ খানসহ তিনজনের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। আদালতের অব্যাহতি আদেশের পর ঢাকার বিশেষ আদালতে দুদকের পক্ষ থেকে নারাজি আবেদন করা হলে সেটি খারিজ হয়ে যায়। বিচারিক আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে একটি রিভিশন আবেদন করে।
এ আবেদনের শুনানি নিয়ে ২০১৬ সালের ৫ জুন ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। ১ সেপ্টেম্বর এ রুলের শুনানি শেষে হাইকোর্ট ৯ নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। ২০১৬ সালের ৯ নভেম্বরের রায়ে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে মোরশেদ খান লিভ টু আপিল করেছিলেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

