২৬শে জুন, ২০২৬ ইং | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৬

অবসরে যাচ্ছে শচীনের ১০ নম্বর জার্সি

স্পোর্টস ডেস্ক:

শচীন টেন্ডুলকার ও ১০ নম্বর জার্সি, এ যেন একে অন্যের ‘প্রতিশব্দ’। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ওয়ানডেতে ১০ নম্বর জার্সি পড়েছেন শচীন। অবসর নেওয়ার পর কেটে গেছে ৪ বছর। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, এবার শচীনের মতো ‘অবসরে’ যেতে পারে তাঁর ১০ নম্বর জার্সিও!

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান শচীন। শেষবার ১০ নম্বর জার্সি গায়ে খেলতে নেমেছিলেন ২০১২ সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে। পাঁচ বছরে ভারতের কেউই ব্যবহার করেননি এই জার্সি নম্বরটি। তবে পেসার শারদুল ঠাকুর গত আগস্টে নিজের অভিষেক ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন। আর এতেই বাধে ‘বিপত্তি’। ‘শচীন’ হতে চাইছেন নাকি, এই কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে মজা করেছেন অনেকেই। শুধু তাই নয়, সতীর্থ রোহিত শর্মাও টুইটারে বলেন, “ঠাকুর, তোমার জার্সি নম্বরটা কত যেন?”

শারদুল অবশ্য জানিয়েছিলেন, শচীনকে অনুকরণ নয়, বরং তাঁর জন্মতারিখের কারণেই এরকম জার্সি নম্বর নিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অবশ্য নম্বর পাল্টে ৫৪ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি।

বিসিসিআই বলছে, পাকাপাকিভাবে ১০ নম্বর জার্সিকে ‘অবসরে’ পাঠানো হতে পারে, “এই জার্সি পরলে অনর্থক সমালোচনা শুনতে হয় ক্রিকেটারদের। তাই এটাকে অবসরে পাঠানোই উত্তম! ক্রিকেটাররাও এই ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন। আন্তর্জাতিক ম্যাচ ছাড়া ‘এ’ দলের ক্রিকেটাররা এটা ব্যবহার করতে পারেন।” ২০১৩ সালের পর মুম্বাই ইন্ডিয়ানসও ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ৬:২৬ অপরাহ্ণ