২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৪১

আজ ইয়াজিদের ভূমিকায় আওয়ামী লীগ সরকার : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজ ইয়াজিদের ভূমিকায় আওয়ামী লীগ সরকার। তাদের ভুল সিদ্ধান্তে রোহিঙ্গা শিশুরা নাফ নদীতে ভাসছে।’ আশুরা উপলক্ষে রবিবার বিকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে রিজভী এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আজকে খাদ্যভাণ্ডার শূন্য, চালের দাম এক টাকাও কমেনি। মানুষের ক্ষুধার সঙ্গে প্রতারণা করে অপপ্রচার চালাচ্ছে সরকার।’ রিজভী বলেন, ‘মিথ্যা, গুম, খুন যা করা হচ্ছে, তা হিটলার এবং মুসোলিনির স্টাইলে করা হচ্ছে। উনি (শেখ হাসিনা) মাদার অব হিউম্যানিটি নন, উনি মাদার অব ক্রুয়েলিটি।’

‘ইয়াজিদ ইসলামের গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় এসেছে, আর ইমাম বাহিনী লড়াই করেছে গণতন্ত্রের পক্ষে। আজো সত্যের জন্য, গণতন্ত্রের জন্য কারবালার মতোই জীবন উৎসর্গ করতে কুণ্ঠিত হবো না’- বলেন রিজভী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘তামাশা ম্যান’ আখ্যায়িত করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদুমন্ত্রের আওয়াজ ছাড়েন, আর তামাশা ম্যান ওবায়দুল কাদের তা পালন করেন।’ অন্য নেতারাও শেখ হাসিনার সুরে কথা বলেন বলেও মন্তব্য করেন রিজভী।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৮:০২ অপরাহ্ণ