ঈদুল আজহার টেলিফিল্ম ‘বড় ছেলে’র সাফল্য অব্যাহত রয়েছে। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে দেখা হয়েছে ৫১ লাখের বেশিবার। আর এ মাইলফলক অর্জন করল মাত্র ১০ দিনে। এমনটা বাংলা কোনো ভিডিও’র ক্ষেত্রে আগে দেখা যায়নি। মিজানুর রহমান আরিয়ানের কাহিনী ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘বড় ছেলে’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন।
ইউটিউবে অর্ধ কোটি ভিউ প্রসঙ্গে শুক্রবার রাতে নির্মাতা আরিয়ান বলেন, “আর কিছু সময় পরেই ‘বড় ছেলে’ বাংলাদেশের প্রথম নাটক/টেলিফিল্ম হিসেবে ইউটিউবে ৫ মিলিয়ন (৫০ লাখ) ভিউ এর মাইলফলক অর্জন করতে যাচ্ছে। সাথে সবচেয়ে বেশি লাইক এবং পজেটিভ কমেন্টের রেকর্ড তো থাকছেই।” তিনি আরো বলেন, “এটা ঘটেছে মাত্র ১০ দিনে। ১০০ দিনে গিয়ে কী হয় সেটা দেখার অপেক্ষায়। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালোবাসা ‘বড় ছেলে’কে এভাবে গ্রহণ করার জন্য।” মর্মস্পর্শী গল্পে নির্মিত হয়েছে ‘বড় ছেলে’। এতে দেখানো হয় অপূর্ব একটি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। পরিবারের দায়িত্ব পালনের কারণে বিসর্জন দিতে হয় নিজের ভালোবাসাকেও।
এদিকে দর্শকের অনুরোধে এশিয়ান টেলিভিশনে বৃহস্পতিবার থেকে পরপর তিনদিন রাত ১১টায় বিরতিহীনভাবে প্রদর্শিত হচ্ছে ‘বড় ছেলে’।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

