২৫শে এপ্রিল, ২০২৬ ইং | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:০৪

বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক:

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় (তিনদিন) সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিশেষ বার্তায় এ কথা জানানো হয়েছে।

বিশেষ বার্তায় বলা হয়, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এছাড়া এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার বিশেষ বার্তায় আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৬টা পর্যন্ত) দেশে সর্বোচ্চ ১১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে টেকনাফে। এছাড়া সিলেটে ৫৭, বরিশালে ৪১, চট্টগ্রামে ১০ এবং ঢাকা ও খুলনা ৭ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১:২৯ অপরাহ্ণ