৩০শে এপ্রিল, ২০২৬ ইং | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:১২

চলে গেলেন গেরিলা যোদ্ধা শহীদুল মামা

নিজস্ব প্রতিবেদক :

একাত্তরের মামা গেরিলা বাহিনীর প্রধান শহীদুল হক মামা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সুইডেন প্রবাসী ছিলেন।

তার শ্যালিকা শরিফুন্নেসা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে এ কথা জানিয়েছেন।

ইমরান এইচ সরকার বলেন, শহীদুল হক কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাত ১২টায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এখন তার মরদেহ সুইডেনে নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানেই তাকে দাফন করা হবে।

সবার কাছে শহীদুল হক মামা হিসেবে পরিচিত এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

একাত্তরের এই গেরিলা যোদ্ধা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী ছিলেন।

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন শহীদুল হক। দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশের কাঙ্ক্ষিত বিজয় অর্জনের পরও ঢাকার মিরপুর-মোহাম্মদপুর এলাকায় বিহারিদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়েছিলেন তিনি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সুইডেন প্রবাসী শহীদুল হক মামা দুই যুগেরও বেশি সময় ধরে সুইডেনে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ১, ২০১৭ ৮:২৫ অপরাহ্ণ