২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৪৯

ভোটারদের কেন্দ্রে নিতে পারলেই জয়: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকাতে নানা প্রতিবন্ধকতা তৈরি করবে। জনগণ সরকারের উপর এতটাই বীতশ্রদ্ধ যে ৩০ ডিসেম্বর ভোট দেওয়ার সুযোগ তারা পেলেই ধানের শীষ জয়ী হয়ে আসবে। সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। ক্ষমতাসীন দল এটা সামলাতে পারবে না যদি মানুষ তাদের ভোট দিতে পারে। সেজন্য ভোটের অধিকার নিশ্চিত করতে ভোটারদের বোঝাতে হবে, যত অসুবিধা হোক না কেন, যত হুমকি-ধমকি থাকুক না কেন, আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে। ভোটের মাধ্যমে এই সরকারের সব অপকর্মের উত্তর দিতে হবে।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচন কমিশনের উদ্যোগ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। আদর্শ নাগরিক আন্দোলন ও জাতীয় মানবাধিকার আন্দোলন এ সেমিনারের আয়োজন করে। মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

মওদুদ বলেন, গত দুদিনে তিনজন প্রার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আরও বাড়বে এবং গায়েবি মামলা চলতেই থাকবে। গতকাল আমার এলাকায় শুনলাম ট্রাকে করে অন্য এলাকা থেকে পুলিশ বাহিনী আনা হয়েছে তারা রাতে অভিযান চালাবে বাড়িতে বাড়িতে, যাতে কোনো নেতা-কর্মী-সমর্থক না থাকতে পারে। এই বিরূপ পরিস্থিতি মোকাবেলায় তৈরি হতে আহ্বান জানিয়ে মওদুদ বলেন, আমার এলাকার এক মহিলার কথা- ‘এইবার আঁর ভোট আঁই দিমু, লড়াই কইরা দিমু’। প্রতিরোধ করতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প নাই আমাদের। অন্য কোনো বিকল্প নাই ভোট ছাড়া।

প্রকাশ :ডিসেম্বর ১, ২০১৮ ৯:৩৪ পূর্বাহ্ণ