২৮শে এপ্রিল, ২০২৬ ইং | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৩

দুর্নীতি মামলায় খোকাসহ চারজনের ১০ বছর করে কারাদণ্ড

বনানী সুপার মার্কেটের কার পার্কিং ইজারা নিয়ে দুর্নীতির মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ চারজনের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান বুধবার বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করেন। এছাড়া খোকাকে ২০ লাখ টাকা ও অন্য তিন আসামির ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

মামলার অপর তিন আসামি হলেন-বনানীর ঢাকা সিটি করপোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার্ক কার পার্কিংয়ের ম্যানেজার এইচ এম তারেক আতিক।

২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টের কার পার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র আহ্বান করেন। অংশগ্রহণ করা ৪টি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামে জনৈক ব্যক্তি বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। কিন্তু পরবর্তীতে সাদেক হোসেন খোকা অপরাপর আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন। এর মাধ্যমে ফেব্রুয়ারি ২০০৩ সাল থেকে ফেব্রুয়ারি ২০১১ সাল পর্যন্ত ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ঢাকা সিটি করপোরেশনের ক্ষতি করেন।

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৮ ১১:৫৯ পূর্বাহ্ণ