৩০শে এপ্রিল, ২০২৬ ইং | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪২

ভারতের নৌ মহড়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী মাসে অনুষ্ঠেয় ভারতের বহুপক্ষীয় নৌ মহড়ায় যোগ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মালদ্বীপ। মালদ্বীপ বলেছে- দেশের ভেতরে জরুরি অবস্থা বিবেচনায় নিয়ে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া মহড়ায় অংশ নেয়া গুরুত্বপূর্ণ কোনো কাজ নয় বলে জানিয়েছে দেশটি। তাদের মতে, মালদ্বীপের নৌ কর্মকর্তাদের সেখানে কেবল পর্যবেক্ষক হিসেবে থাকার কথা ছিল। কাজেই তাদের অনুপস্থিতি বড় কোনো সমস্যা তৈরি করবে না।
মালদ্বীপ মহড়ায় অংশ নিচ্ছে না বলে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনিল লানবা ঘোষণা দেয়ার পর মালদ্বীপের দূতাবাস থেকে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
ভারতের আয়োজনে ৬ মার্চ একসঙ্গে ১৬ দেশের নৌ-সেনা মহড়া শুরু হচ্ছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছেই। ১৩ মার্চ পর্যন্ত চলবে। ১৬ দেশের মধ্যে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, মরিশাস, নিউজিল্যান্ড ও ওমানসহ অন্যান্য দেশ মহড়ায় অংশ নেবে।
আদালত-সরকার দ্বন্দ্বের জেরে চলতি মাসের শুরুতে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, যা এখনও চলছে। দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদ এ সংকট থেকে উত্তরণে ভারতের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছিলেন। মঙ্গলবার ভারতীয় নৌপ্রধান বলেন, নৌ মহড়ায় অংশগ্রহণ প্রত্যাহার নিয়ে মালদ্বীপ কোনো কারণ দেখায়নি।
ভারতে নিযুক্ত মালদ্বীপ রাষ্ট্রদূত বলেন, দেশের ভেতরে যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি বলেন, যখন পরিস্থিতি বলে দেয় কর্মকর্তাদের নিজ দেশেই থাকতে হবে, তখন তাদের বিদেশে কোনো মহড়া কিংবা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার সুযোগ নেই এবং অসাধারণ কিছু নয় এমন নৌ মহড়ায় অংশ নিতে তারা সক্ষম হচ্ছে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ