২৫শে মার্চ, ২০২৬ ইং | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:২২

পাবনায় শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যা

জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনার আটঘরিয়ায় আশরাফ আলী (৪৫) নামের এক শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে।

তিনি ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত আশরাফ আলীর ছেলে হোসাইন জানান, জমি নিয়ে প্রতিবেশী আফজাল হোসেনের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকালে বাড়ির পাশে মাঠে আফজালের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে শিক্ষক আশরাফ আলীকে বেধড়ক মারপিট করেন আফজাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা থানায় খবর দেয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৯ ১২:১৫ অপরাহ্ণ