নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় লিখন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল ও ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত লিখন নিশ্চিন্তপুর এলাকার তোতা মিয়ার ছেলে।
পুলিশের দাবি, লিখন ফতুল্লা ও কদমতলী এলাকার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফতুল্লা, বন্দর ও কদমতলী থানায় হত্যাসহ একাধিক মাদক মামলা রয়েছে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের (পিপিএম) জানান, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সময় নিশ্চিন্তপুর এলাকায় পুলিশকে লক্ষ্য করে ১০-১২ রাউন্ড গুলি ছুড়ে মাদক ব্যবসায়ীরা।
এতে পুলিশও পাল্টা ১০-১২ রাউন্ড গুলি করে। এ সময় লিখন নামে একজন মাদক ব্যবসায়ী ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লিখনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ হেফাজতে লিখনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এদিকে এ ঘটনায় পুলিশের এসআই শফিউল আলম, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল রোকন আহত হন। তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

