২৩শে এপ্রিল, ২০২৬ ইং | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৩

লক্ষ্মীপুরে তরুণীকে ধর্ষণের পর হত্যা: প্রেমিক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য তরুণীর মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে উপজেলার পশ্চিম চরকলাকোপার একটি ফসলের ক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কথিত প্রেমিক দুলাল হোসেনকে আটক করেছে। সে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসার হেজু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই তরুণী শনিবার সকালে চরমনসা গ্রামের বাড়ি থেকে বের হয়। পরে আর সে বাড়িতে ফেরেনি। খোঁজ নিয়ে স্বজনরা জানতে পারেন, তাকে মোবাইল ফোনে খবর দিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে কথিত প্রেমিক দুলাল অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, দুলাল সহযোগীদের নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ক্ষেতের মধ্যে ফেলে যায়। এ ব্যাপারে রামগতি থানার ওসি এটিএম আরিছুল হক জানান, ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ