১১ই এপ্রিল, ২০২৬ ইং | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

স্মার্টফোনের গেম বানিয়ে লাখপতি

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে স্মার্টফোনে খেলার উপযোগী ‘গেরিলা ব্রাদার্স’ গেম বানিয়ে ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতায় ১০ লাখ টাকার চ্যাম্পিয়ন পুরস্কার জিতলেন বনি ইউসুফ। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রাক্তন ছাত্র। মঙ্গলবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পুরস্কার বিতরণ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অবদান গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে আমাদের এই খাতের প্রশংসা করা হচ্ছে। আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি, ২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে রপ্তানি আয় হবে ৫০০ কোটি ডলার।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশে আইসিটিভিত্তিক অনেক প্রতিযোগিতা হয়। তবে এটি প্রায় এক বছর ধরে ১৫টি ধাপে অনুষ্ঠিত হয়। এমন প্রতিযোগিতা দেশে আর নেই।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, দেশের বিভিন্ন স্থানে তরুণদের নতুন উদ্যোগগুলোকে (স্টার্টআপ) সরকার এক বছরের জন্য কাজ করার জায়গা দেবে। এ জন্য ‘স্টার্টআপ ইনিশিয়েটিভ’ গঠন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়। ৯ মাসব্যাপী এই আয়োজনে দক্ষ অ্যাপ নির্মাতা গড়ে তোলা হয়। গত বছরের ২৪ মে চতুর্থবারের মতো শুরু হয় এই প্রতিযোগিতা। এতে ৬৫০-এর বেশি অ্যাপের ধারণাপত্র জমা পড়েছিল।

চ্যাম্পিয়ন ছাড়াও তিনটি বিভাগে প্রথম পুরস্কার অর্জনকারী অ্যাপ নির্মাতারা দুই লাখ টাকা করে পুরস্কার পেয়েছেন। শিক্ষা, ব্যবসা ও কৃষি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘প-তে পড়া, খ-তে খেলা’। এই অ্যাপের নির্মাতা মো. জসিম উদ্দিন, মো. মনিরুজ্জামান, আব্দুর রাহমান ও মো. ইমাম হোসেন। স্বাস্থ্য ও জীবনযাপন এবং গেম ও অগমেন্টেড রিয়েলিটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে ‘অ্যান্ডয়েড ডিফেন্ডার’। এই অ্যাপের নির্মাতা আব্দুল্লাহ নাইম, আব্দুল্লাহ ইমরোজ, মো. শামসুজ্জামান মিয়া ও নাহিদুল ইসলাম) এবং ‘শব্দমেলা’ অ্যাপ। অ্যাপটির নির্মাতা উম্মে কুলসুম, জান্নাতুল ফেরদৌস ও রাফি চৌধুরী)। এ ছাড়া ধারণাপত্রের জন্য বায়োস্কোপ এবং প্রচারণার জন্য শিশু শিক্ষা অ্যাপ বিশেষ পুরস্কার পেয়েছে।

চ্যাম্পিয়ন বনি ইউসুফ বলেন, ‘পুরস্কার পেয়ে অবশ্যই ভালো লাগছে। এখন গেরিলা ব্রাদার্স গেমে আরও নতুন ধাপ যোগ করার কাজ করছি।’ প্রতিযোগিতা আয়োজনে সহযোগী ছিল সরকারের আইসিটি বিভাগ। প্রধান পৃষ্ঠপোষক ছিল বিশ্বব্যাংক ও কানাডা।
দৈনিক দেশজনতা/এমএইচ
প্রকাশ :মে ২৫, ২০১৭ ২:৪৮ অপরাহ্ণ