১০ই মার্চ, ২০২৬ ইং | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

সংসদ হচ্ছে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু : স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সংসদ হচ্ছে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। জনগণের অধিকার নিশ্চিত করতে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা জরুরী। জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা সংসদে কার্যকর ভূমিকা রাখলে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব।

আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ এবং ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি, ইউকে (ডব্লিউএফডি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফান্ডামেন্টালস্ অব দি ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট এন্ড পার্লামেন্টারি রিচার্স প্রাকটিসেস’ শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে স্পিকার এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদার। এতে বক্তব্য রাখেন কমনওয়েলথ প্রোগ্রামের পরিচালক সোফিয়া ফার্নান্দেজ এবং ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডেভিড থারবি।

অনুষ্ঠানে স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সংবিধানের আলোকে কার্যপ্রণালী বিধি অনুযায়ী পরিচালিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে যে সংবিধান উপহার দিয়েছিলেন তা বিশ্বে অনন্য।

তিনি বলেন, সংসদীয় রীতি ও চর্চাকে সুসংহত করতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ডব্লিউএফডি যে প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে তা কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখবে। এক্ষেত্রে ওয়েস্টমিনিস্টার সংসদীয় পদ্ধতির সাথে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমের তুলনামূলক চিত্র কর্মকর্তাদের ভবিষ্যত কর্ম পথকে সমৃদ্ধ করবে।

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৮ ৫:২৩ অপরাহ্ণ