স্পোর্টস ডেস্ক:
বোলারদের নৈপুণ্যে লর্ডস টেস্টের প্রথম দিন পুরোটাই নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় দিনে ইংলিশ বোলারদের হতাশা উপহার দিয়েছে অতিথি দলের ব্যাটসম্যানরা। তাতে প্রথম দুই দিন শেষে লর্ডস টেস্টে সুস্পষ্ট আধিপত্ব পাকিস্তানের। শুক্রবার প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ১৬৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।
আগের দিন ইংল্যান্ডকে ১৮৪ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। নিজেরা ব্যাট করতে নেমে ১ উইকেটে ৫০ রানে প্রথম দিনের খেলা শেষ করে। সেই রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে দলটি। দিন শেষে চার ফিফটিতে স্কোরবোর্ডে ৮ উইকেটে ৩৫০ রান জমা করেছে সরফরাজ আহমেদের দল।
এদিন পাকিস্তানের ইনিংসটা সম্মিলিত পারফরম্যান্সের ফল। আজহার আলি, আসাদ শফিক, বাবর আজম ও শাদাব খান করেছেন ফিফটি। হারিস সোহেল ও ফাহিম আশরাফ খেলেছেন দুটি ত্রিশোর্ধ ইনিংস। আজহার আলি ও হারিস সোহেল আগের দিনের সঙ্গে আরো ৩৭ রান যোগ করেন সকালে। সোহেলকে ৩৯ রানে ফিরিয়ে জুটিটি ভাঙেন মার্ক উড। এরপর নিজের ২৮তম টেস্ট ফিফটি তুলে নিয়ে অ্যান্ডারসনের বলে আউট হন আজহার। ১৩৬ বল খেলে ৬টি চারের সাহায্যে ঠিক ৫০ রান করেছেন তিনি।
তৃতীয় উইকেটে আসাদ শফিক ও বাবর আজম ৮৪ রান যোগ করেন। বেন স্টোকসের বলে ফেরার আগে ৫৯ রানের ইনিংস খেলেন শফিক। ক্যারিয়ারে এটি তার ২০তম টেস্ট ফিফটি। বাবর আজম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ৬৮ রান করে। তার আগে অধিনায়ক সরফরাজ ৯ রান করে আউট হন।
সপ্তম উইকেটে ফাহিম আশরাফ ও শাদাব খান মিলে ৭২ রান যোগ করেন। ফাহিমকে ৩৭ রানে ফিরিয়ে জুটিটি ভাঙেন অ্যান্ডারসন। ১৪ রানের ব্যবধানে বেন স্টোকসের বলে ফিরেন শাদাব। তবে তার আগে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। এরপর হাসান আলি উইকেটে এসে শূন্য রানেই ফিরে গেছেন। মোহাম্মদ আমির ১৯ ও মোহাম্মদ আব্বাস ০ রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন। শনিবার এই দুজন ফের ব্যাটিং শুরু করবেন।
ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস। স্টুয়ার্ট ব্রড ও মার্ক উড নিয়েছেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর : দ্বিতীয় দিন শেষে
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৪/১০ (৫৮.২ ওভার) (কুক ৭০, স্টোনম্যান ৪, রুট ৪, মালান ৬, বেয়ারস্টো ২৭, স্টোকস ৩৮, বাটলার ১৪, বেস ৫, উড ৭, ব্রড ০, অ্যান্ডারসন ০*; আমির ১/৪১, আব্বাস ৪/২৩, হাসান ৪/৫১, ফাহিম ১/২৮, শাদাব ০/৩৪)।
পাকিস্তান প্রথম ইনিংস : ৩৫০/৮* (১১০ ওভার) (আজহার ৫০, ইমাম ৪, সোহেল ৩৯, শফিক ৫৯, বাবর ৬৮ (আহত অবসর), সরফরাজ ৯, শাদাব ৫২, ফাহিম ৩৭, আমির ১৯*, হাসান ০, আব্বাস ০*; অ্যান্ডারসন ৩/৮২, ব্রড ১/৫০, উড ১/৭৪, স্টোকস ৩/৭৩, বেস ০/৫৯)।
পাকিস্তান ১৬৬ রানে এগিয়ে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

