নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের সিদ্দিকুর রহমান গাজী ওরফে সিদ্দিকসহ ৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। অভিযুক্তরা সবাই জেলার মনিরামপুরের অধিবাসী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রোববার এই দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ৩ মাসের সময় আবেদন করে প্রসিকিউশন। এরপর দিন ধার্য করে আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন
প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা।
গত ১০ এপ্রিল যশোরের মনিরামপুরের সিদ্দিকুর রহমান গাজী ওরফে সিদ্দিকসহ পাঁচজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা।
এতে মুক্তিযুদ্ধকালে হত্যা, আটক, নির্যাতন, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগে যশোর জেলার মনিরামপুর থানার সিদ্দিকসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সিদ্দিক ছাড়া বাকি পলাতক চার আসামির পরিচয় প্রকাশ করা হয়নি গ্রেফতারের স্বার্থে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের ২৩ আগস্ট এ মামলার তদন্ত শুরু হয় এবং গত (২০১৮ সালের) ১০ এপ্রিল শেষ হয়। এতে সাক্ষী করা হয়েছে ৩৩ জনকে।
আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হচ্ছে- যশোর জেলার মনিরামপুর থানাধীন ভোজগাতী গ্রামের মোকছেদ বিশ্বাসকে অপহরণ করে হত্যা, বিজয়রামপুর গ্রামের মোজাম মোড়লকে অপহরণ করে হত্যা, একই থানার দিকদানা ও নোয়ালী গ্রামের তিন নারীকে আটক করে নির্যাতন ও ধর্ষণ, দুর্বাডাঙ্গা গ্রামের একজনকে আটক করে নির্যাতন ও ধর্ষণ, রোহিতা ইউনিয়নের সরষকাটি গ্রামের মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আব্দুল গণি ও তোজাম্মেল হোসেনকে অপহরণ করে হত্যা এবং চিনাটোলা গ্রামে এক বাড়িতে আশ্রয় নেওয়া ছয়জন মুক্তিযোদ্ধাকে আটক করে চিনাটোলা বাজারের পূর্ব পার্শ্বে হরিহর নদের ওপর স্থাপিত সেতুর ওপর লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যার অভিযোগও আনা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

