আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়া ইস্যুতে আবারও রুশ-মার্কিন পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল সোমবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ছয়টি দেশের আহ্বানে জরুরী বৈঠক বসে নিরাপত্তা পরিষদে। বৈঠকে দুমায় রাসায়নিক গ্যাস হামলার ঘটনায় আসাদ প্রশাসনকে দায়ী করে রাশিয়া এবং সিরিয়ান সামরিক অবস্থানে হামলার হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের অভিযোগ, বিদ্রোহীদের দমনের নামে নিরপরাধ শিশু এবং বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলা চালাচ্ছে আসাদ সরকার। আর এই বর্বরতায় মূল কলকাঠি নাড়ছে রাশিয়া।
এতে ক্ষোভে ফেটে পড়েন রুশ প্রতিনিধি। তিনি বলেন, রুশ অবস্থানে কোনো আঘাত আসলে পাল্টা জবাব দিতে এক মূহুর্তও দেরী করবে না মস্কো। রাসায়নিক হামলার ঘটনাকে যুক্তরাষ্ট্রের সাজানো নাটক বলেও অভিযোগ করেন রুশ প্রতিনিধি।
সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতার দৌমা শহরে শনিবার রাসায়নিক হামলার ঘটনা ঘটে। এতে ৭০ জন নিহত হন। সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি জানিয়েছে, রাসায়নিক এ হামলার পর পাঁচ শতাধিক ব্যক্তি শ্বাসকষ্টজনিত সমস্যা, ত্বক নীলচে হওয়া, কর্ণিয়ার জ্বালাপোড়াসহ বিভিন্ন সমস্যায় চিকিৎসা নিয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

