১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:১০

২০১৯ বিশ্বকাপ: খেলবে যে দলগুলো

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তাক লাগিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ক্যারিবিয়ান দলটিকে এবার ৫০ ওভারের বিশ্বকাপের জন্য বাছাইপর্বে খেলে মূল পর্বে পৌঁছাতে হলো।
আগামী বছর ইংল্যান্ডে বসবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। আর সেই টুর্নামেন্টের মূল পর্বে পৌঁছানোর পর্ব শেষ হয়ে গিয়েছে। কোন কোন দলকে দেখা যাবে আসন্ন বিশ্বকাপে?

গত বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে যে আটটি দল তালিকায় প্রথম আটে ছিল, তারা সরাসরি বিশ্বকাপের মূল পর্বে চলে গেছে। যার মধ্যে রয়েছে আয়োজক দল ইংল্যান্ড। এছাড়া বাকি সাত দল হল ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বাংলাদেশ। বাকি দুটি দলকে বাছাইপর্ব খেলে টিকেট নিশ্চিত করতে হতো। সুপার সিক্সের শেষ রাউন্ডে স্কটল্যান্ডকে হারিয়ে ক্রিস গেইলরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। আর আফগানিস্তান কোয়ালিফাইং রাউন্ডের তিনটি ম্যাচে হেরেও টুর্নামেন্টের মূল পর্বে চলে গেছে। সুপার সিক্সের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পেয়ে গেলেন আফগানরা। বিশ্বের সবচেয়ে বড় লড়াইয়ে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রশিদ খান অ্যান্ড কোং।
এবার দল কম থাকায় আলাদা করে কোনো গ্রুপ থাকছে না। একটি গ্রুপেই দশটি দল থাকবে। প্রত্যেকটি দল বাকি নয়টি দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে। নকআউট পর্বের মধ্যে দিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে চারটি দল। তারপর ফাইনাল।
তবে মাত্র দশটি দল নিয়ে বিশ্বকাপ হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে আইসিসি’কে। কারণ যেসব দল টেস্ট খেলার যোগ্যতা অর্জন করেছে, তাদের প্রত্যেককেই বিশ্বকাপে সুযোগ দেয়ার কথা ভাবা হয়েছিল আগে। কিন্তু শেষমেশ তেমনটা হয়নি। তাতে অবশ্য বিশ্বকাপের জৌলুস এতটুকু কমবে না বলেই বিশ্বাস আইসিসি’র। আগামী বছর ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ১০:২৬ পূর্বাহ্ণ