২৫শে মার্চ, ২০২৬ ইং | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:১৮

সরকারের ধারাবাহিকতায় দেশ উন্নয়নশীল: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সরকারের ধারাবাহিকতা বজায় থাকার জন্যই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ১৮ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদকপ্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রয়াত কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এমএমএ রাশীদুল হাসান, প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তম, প্রয়াত এম আব্দুর রহিম, প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী, শহীদ লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম, প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহরুল হক ও আমজাদুল হক।

সংস্কৃতির ক্ষেত্রে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং কৃষি সাংবাদিকতায় চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজকে এ সম্মাননা দেয়া হয়েছে। এ ছাড়া অধ্যাপক ডা. একে এমডি আহসান আলী চিকিৎসাবিদ্যায়, অধ্যাপক একে আজাদ খান সমাজসেবায়, সেলিনা হোসেন সাহিত্যে এবং ড. মো. আব্দুল মজিদ খাদ্য নিরাপত্তায় এবার স্বাধীনতা পুরস্কার পান।

স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিচ্ছে সরকার। স্বাধীনতা পদকের ক্ষেত্রে পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, তিন লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ১:৫১ অপরাহ্ণ