১৯শে মার্চ, ২০২৬ ইং | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৫৯

যুক্তরাষ্ট্রের পক্ষে আর নয়: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান আর কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘ছায়া’ হবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ নওয়াজ। পাকিস্তানের জাতীয় পরিষদে পররাষ্ট্রনীতি বিষয়ক এক বক্তব্যে শুক্রবার তিনি একথা বলেন। দেশটির অপর এক মন্ত্রী সংসদকে জানান, আগামী দুই বছরের মধ্যে আফগান শরণার্থীদের ফিরিয়ে দেয়ার পরিকল্পনা করছে তার দেশ।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের জনগণ ও মুসলিম দেশগুলোর মানুষ চায় সীমান্তবর্তী যুদ্ধে পাকিস্তান অংশ নিক। তবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের পক্ষে আর ছায়াযুদ্ধ করবে না বলেও জানিয়ে দেন তিনি। পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়ত উলেমা-ই-ইসলামের-এফ’র প্রধান মাওলানা ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসিফ। তিনি আরো জানতে চান, সিরিয়া যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কমিটির বিতর্কে পাকিস্তান কেন যুদ্ধের বিপক্ষে ভোট দেয়নি। ফজলুর রহমান বলেন, আট মুসলিম দেশের মধ্যে পাকিস্তানসহ তিনটি দেশ ভোটদান থেকে বিরত ছিল।

জবাবে আসিফ বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির অভাবই আমদের সমস্যার সবচেয়ে বড় কারণ। তার ভাষায়, ‘কেউই মুসলিমদের ক্ষতি করতে পারতো না, যদি তারা শত্রু পক্ষকে সুবিধা না দিতো।’ অতীতে পাকিস্তানের শাসকরা দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে ‘ভুয়া জিহাদ’ করেছে বলেও মন্তব্য করেন তিনি। একে দেশটির ‘সবচেয়ে বড় ভুলগুলোর একটি’ বলেও আখ্যায়িত করেন আসিফ।

সৌদি আরবে পাকিস্তান শুধু প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে সেনা পাঠিয়েছে, ইয়েমেনে যুদ্ধ করতে নয় উল্লেখ করে খাজা আসিফ জানান, নানা চার ও প্রলোভন থাকলেও কোনো মুসলিম দেশে আর যুদ্ধ করবে না পাকিস্তান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১১:৫৩ পূর্বাহ্ণ