২৬শে মার্চ, ২০২৬ ইং | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:০৬

হোলি উৎসবে কলেজছাত্র হত্যায় গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাঁখারীবাজারে হোলি উৎসবে কলেজছাত্র মো. রওনক হোসেন রনোকে (১৭) ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, হোলি উৎসবে কলেজছাত্র খুনের ঘটনা উদঘাটন করা হয়েছে এবং জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ১ মার্চ বেলা ১২টার দিকে পুরান ঢাকার শাঁখারীবাজারে কলেজছাত্র মো. রওনক হোসেন রনোকে খুন করা হয়। তিনি কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকার মো. শহিদ মিয়ার ছেলে। আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন রওনক। নিহতের বন্ধু মাসুম জানান, রওনকসহ তারা চার বন্ধু হোলি উৎসব দেখতে পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকায় যান। সেখানে কয়েকজন যুবক রওনককে ছুরিকাঘাত করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা দেড়টায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার দিন সকালে মোবাইল ফোনে রনোকে ডেকে আনে তার সাবেক প্রেমিকা মাইশা। এলাকার কয়েকজন বন্ধুকে নিয়ে রনো শাঁখারীবাজারে আসে। এরপর তারা পাশের গলিতে যায়। সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলে ২৫ থেকে ৩০ জনের উপস্থিতি দেখা যায়। তাদের মধ্যে চার থেকে পাঁচজন সরাসরি রনোর ওপর হামলা চালায়। মাত্র ৩০ সেকেন্ডে কিলিং মিশন শেষ করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে খুনিরা। তদন্ত কর্মকর্তাদের দাবি, প্রেম নিয়ে দ্বন্দ্বের কারণে সাবেক প্রেমিকা মাইশা আলমের বন্ধুরা রনোকে হত্যা করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১১:২৩ পূর্বাহ্ণ