বিনোদন ডেস্ক:
আবারও নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা সৈকত নাসির। ‘পাষাণ’ শিরোনামের ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৩ মার্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে প্রকাশ করা হয় ছবির ট্রেইলার। দুই মিনিটের এই ট্রেইলারে নায়ক ওমকে অ্যাকশন লুকে দেখা যায়।
‘পাষাণ’ বাংলাদেশের ছবি হলেও এতে অভিনয় করেছেন কলকাতার নায়ক ওম। এর কারণ জিজ্ঞেস করলে পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমি কখনই মনে করি না শিল্পী দেখতে দর্শক হলে যান। আমার বিশ্বাস, দর্শক হলে যান সুন্দর একটি গল্পের পরিপূর্ণ ছবি দেখতে। আমি যে গল্পটা বলছি, সেটি সঠিকভাবে বলতে পারছে কি না, সেটাই মূল বিষয়। আমি যদি স্মার্টলি গল্পটা বলতে পারি, দর্শক আমার ছবি পছন্দ করবে। আর যদি যেনতেনভাবে গল্প বলি তাহলে দর্শক তা পছন্দ করবে না। ওম আমার ছবিতে যেভাবে চেয়েছি, সেভাবেই অভিনয় করেছেন। একজন পরিচালক এটাই চান।’
বাংলাদেশের নায়ক নিয়েই কাজ করতে চেয়েছিলেন সৈকত নাসির, কিন্তু তাঁদের ব্যস্ততার কারণে কলকাতায় যেতে হয়েছে তাঁকে, এমনটাই জানালেন তিনি। সৈকত বলেন, ‘আসলে আমিও চেয়েছিলাম বাংলাদেশের কোনো নায়ক নিয়ে ছবিটি নির্মাণ করতে। কিন্তু কারো শিডিউল পাইনি, সবাই অনেক ব্যস্ত, আর আমার সবকিছু রেডি ছিল, তখন শুটিং না করতে পারলে সমস্যা হতো, শেষে আমি ওমকে নিয়েই কাজটি করেছি। এবং কাজে আমি সন্তুষ্ট।’ ছবিতে ওমের নায়িকা হিসেবে দেখা যাবে মিমকে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

