২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৫

উমরাও জান হয়ে ব়্যাম্পে সুস্মিতা

বিনোদন ডেস্ক:

নানা থিমে ব়্যাম্প মাতিয়ে থাকেন নায়িকা থেকে মডেলরা। তবে পুরনো চাল যে ভাতে বাড়ে, তা আরও একবার প্রমাণ করে দিলেন সুস্মিতা। বুঝিয়ে দিলেন, অতীতের খাঁটি সোনা যে সময়ে, যে প্রেক্ষিতেই পাদপ্রদীপের নিচে আসুক না কেন, তা ঔজ্জ্বল্য ছড়াবেই।

সম্প্রতি উমরাও জান হয়ে মার্জার সরণি মাতালেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ইন আঁখো কে মস্তি মে… যখন সেখানে এ গান বেজে ওঠে অবধারিত ভেসে ওঠে রেখার মুখ। স্মৃতিতে ঢেউ তোলে চাহনির ‘মস্তানি’। মার্জার সরণিতে হাঁটার ক্ষেত্রে উমরাও জান-কে থিম হিসেবে তুলে আনা নিঃসন্দেহে অভিনব ভাবনা। সে কৃতিত্ব ফ্যাশন ডিজাইনারেরই প্রাপ্য। তবে এ তো সিনেমার সেট নয়। ফ্যাশনের দুনিয়া। এখানে এত অল্প সময়ে উমরাও জান হয়ে ওঠা চাট্টিখানি কথা নয়। অভিজাত সৌন্দর্য আর ব্যক্তিত্ব না থাকলে এ পোশাক ক্যারি অসম্ভব।

এদিন নায়িকা বলেন, আমার অনেক কিছু করার আছে। আমার পারফরম্যান্স সকলকে মুগ্ধ করবে এমন ছবিই আমি করতে চাই। অডিয়েন্স পাঁচ না পাঁচশো  জন সেটা আমার কাছে বড় কথা নয়। কিন্তু সকলের থেকে আমি যে ভালবাসা পেয়েছি, তা ফিরিয়ে দিতে চাই। আপাতত খানিকটা সময় নিচ্ছি। তারপরই ছবিতে ফিরব।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১১:৩৭ পূর্বাহ্ণ