নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ৫ ফেব্রুয়ারি সিলেটে যাচ্ছেন। ওই দিন সড়ক পথে তিনি ঢাকা থেকে সিলেট যাবেন। সিলেটে একদিন অবস্থানের পর ৬ ফেব্রুয়ারি আবার সড়ক পথেই ঢাকা ফিরে আসবেন। আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের পূর্বে সিলেটের হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করতে তিনি সেখানে যাবেন।
বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র আরো জানায়, খালেদা জিয়ার সিলেট যাওয়ার পেছনে আরেকটি উদ্দেশ্য হচ্ছে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করা। প্রতিবার তিনি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন। এর আগে, গত ৩০ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

