১লা এপ্রিল, ২০২৬ ইং | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:৫০

সাকিব-তামিমদের ব্যাটিং উপদেষ্টা হচ্ছেন মাইকেল বেভান

স্পোর্টস ডেস্ক: 

হাথুরুসিংহের পদত্যাগের পর এখন পর্যন্ত ফাকাই আছে বাংলাদেশের প্রধান কোচের পদটি। এরইমধ্যে কয়েকজন হাইপ্রোফাইল কোচের সাক্ষাতকার নিলেও এখনও কাউকেই নিয়োগ দেয়নি বিসিবি। তবে এবার নাকি প্রধান কোচের পাশাপাশি প্রত্যেকটি ইউনিটের জন্য আলাদা স্টাফ রাখতে চাইছে বিসিবি।

তারই ধারাবাহিকতায় ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মাইকেল বেভানই হতে যাচ্ছেন সাকিব-তামিমদের ব্যাটিং পরামর্শক।

বিসিবির একটি সূত্রের বরাতে গণমাধ্যমের খবর, বেভান বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। চলমান শ্রীলঙ্কা সফরের মধ্যেই দায়িত্ব পাবার কথা থাকলেও সিরিজের দায়িত্ব আগেই দেয়া হয়েছে হাই পারফরমেন্স ইউনিটের কোচ সায়মন হেলমটের কাঁধে। তাই বেভানও এখন যোগ দেননি টাইগারদের সাথে।

১৯ জানুয়ারি সায়মন হেলমটের নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যাবার কথা। শ্রীলঙ্কা সিরিজের পর বাংলাদেশের পরবর্তী মিশন নিদাহাস ট্রফিতে দেখা যাবে বেভানকে।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর ২০১১ সাল থেকে কোচিংয়ে আসেন মাইকেল বেভান। বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা তার এটাই প্রথম না। এর আগে ২০১২ সালের বিপিএলে চিটাগং কিংসের ব্যাটিং উপদেষ্টা ছিলেন তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০১৮ ৬:০৩ অপরাহ্ণ