বিনোদন ডেস্ক :
চীনে আমির খানের সিক্রেট সুপারস্টার সিনেমার জয়রথ চলছেই। গত ১৯ জানুয়ারি দেশটিতে মুক্তির পর ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে এটি। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ এ তথ্য জানিয়েছে। সিক্রেট সুপারস্টার প্রযোজনা করেছেন আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। মাত্র ১৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা ভারতীয় বক্স অফিসে ১১০ কোটি রুপি আয় করে। কিন্তু চীনে মুক্তির মাত্র দুই দিনে একশ কোটি এবং চার দিনে দুইশ কোটির মাইলফলক অতিক্রম করে এটি। এরপর প্রথম সপ্তাহেই এর আয় দাঁড়ায় ৩০০ কোটি রুপি। গত রোববার এর আয় ৪২০ কোটি রুপি ছাড়িয়েছে বলে জানা গেছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সিক্রেট সুপারস্টার সিনেমার টিকিট বিক্রি হলিউডের সাড়া জাগানো স্টার ওয়ারস : লাস্ট জেডাই’র চেয়ে বেশি। এ ছাড়া মাইক্রোব্লগিং সাইট টুইটারে তরণ আদর্শ জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই এর আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। চীনে আমিরের রয়েছে অসংখ্য ভক্ত। গত এক বছরের মধ্যে দেশটিতে এ অভিনেতার দ্বিতীয় সফল সিনেমা এটি। এর আগে চীনে মুক্তি পায় আমিরের দঙ্গল। প্রথম তিন দিনে এটি আয় করেছিল ৮০ কোটি রুপি। পরবর্তী সময়ে এর মোট আয় দাঁড়ায় ১২০০ কোটি রুপি।
সিক্রেট সুপারস্টার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দঙ্গল সিনেমাখ্যাত জাইরা ওয়াসিম। এ ছাড়াও অভিনয় করেছেন মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

