নিজস্ব প্রতিবেদক:
দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসছেন। বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। বাংলাদেশ সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। উইদোদো জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন।
জানা গেছে, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়া থেকে ‘লিকুইড ন্যাচারাল গ্যাস’ (এলএনজি) আমদানির একটি চুক্তি প্রেসিডেন্ট উইদোদোর সফরকালে সই হতে পারে। এ ছাড়া সফরকালে দু’দেশের মধ্যে নিয়মিত পররাষ্ট্র দফতরের মধ্যে ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) বৈঠক অনুষ্ঠান সম্পর্কিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

