নিজস্ব প্রতিবেদক:
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপিলেও বহাল থাকার পর ওই রায় পুনর্বিচেনার (রিভিউ) আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল জানান, রোবববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ৯০৮ পৃষ্ঠার এই রিভিউ আবেদন জমা দেওয়া হয়। আবেদনের নম্বর ৭৫১।
বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে ২০১৬ সালের ৫ মে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট, চলতি বছরের ৩ জুলাই তা বহাল রেখে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। এরপর ১ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের চার মাসেরও বেশি সময় পর রাষ্ট্রপক্ষ ওই রায়ের রিভিউ আবেদন করেছে।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।
এরপর গত বছরের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ৪ জানুয়ারি আপিল করে। শুনানি শেষে ১৩ জুলাই আপিল বিভাগ সর্বসম্মতিতে ওই আপিল খারিজ করে রায় দেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

