নিজস্ব প্রতিবেদক:
সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের সিটিতে (ঢাকা উত্তর সিটি করপোরেশন) নির্বাচনের তফসিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ করা হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রোববার দুপুরে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, যেহেতু ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) উপনির্বাচন করতে কোনো জটিলতা নেই। তাই কমিশন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মেয়র পদে উপনির্বাচন, উত্তর সিটিতে সংযুক্ত নতুন ১৮ ওয়ার্ডে কাউন্সিলর ও ৬ ওয়ার্ডে সংরক্ষিত এবং ঢাকা দক্ষিণ সিটির সাথে সংযুক্ত ১৮টি কাউন্সিলর ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য তিনটি আলাদা আলাদা তফসিল ঘোষণা করা হবে।
হেলালুদ্দীন আরো জানান, তফসিল তিনটি একদিনেই ঘোষণা করা হবে এবং একই দিনে ভোট হবে। নতুন ওয়ার্ডের মেয়াদ বর্তমান পরিষদের মেয়াদের সমান হবে বলেও জানান সচিব। নতুন ভোটারদের বিষয়ে তিনি বলেন, নতুন ভোটাররা শুধু ভোট দিতে পারবেন, কিন্তু ভোটে প্রার্থী হতে পারবেন না। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। এরপর ৪ ডিসেম্বর সোমবার তার পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

