নিজস্ব প্রতিবেদক:
হোসেন শহীদ সোহরাওয়ার্দী। গণতন্ত্রের মানসপুত্র, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন তিনি। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) তার ৫৪তম মৃত্যুবার্ষিকী । ১৯৬৩ সালের এই দিনে লেবাননে বৈরুতের একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায় তিনি মারা যান।
সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মহান এই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল।
যথাযোগ্য মর্যাদায় অবিসংবাদিত এই নেতার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৮টায় বাংলাদেশ হাইকোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতের কর্মসূচি গ্রহণ করেছে।
সোহরাওয়ার্দীর পূণ্য স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেন, ‘তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিক-নির্দেশনা দিয়েছে। গণতন্ত্র, ন্যায় বিচার ও আইন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসাধারণ অবদান রেখেছেন।’
বিবৃতিতে তিনি গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, উনিশ শতকের অন্যতম বাঙালি রাজনীতিবিদ ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যুক্তফ্রন্ট গঠনের মূল নেতাদের মধ্যে অন্যতম তিনি। এ বিখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ১৮৯২ সালের এ দিনে (৮ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

