২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

রাজধানীতে ডিবি পরিচয়ে ছিনতাই করতে গিয়ে ধরা

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সদস্য পরিচয়ে ছিনতাই করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ধরা পড়েছেন এক ব্যক্তি। এসময় ছিনতাই করা এক লাখ টাকাও উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সামনে এ ঘটনা ঘটে।
আটক করা ব্যক্তি নিজেকে বাবুল খান নামে পরিচয় দিয়েছেন। তাঁর বাড়ি ঝিনাইদহ। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, সকাল সাড়ে সাতটার দিকে মো. উজ্জ্বল নামের এক ব্যবসায়ী বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে রিকশায় করে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। জহুরুল হক হলের সামনে বাবুল খানসহ তিনজন তাঁর পথ আটকান।
মো. উজ্জ্বল বলেন, পথ আটকে তাঁরা নিজেদের ডিবির কর্মকর্তা বলে পরিচয় দেন। অবৈধ কিছু আছে কি না, জানতে চাইলে সঙ্গে এক লাখ টাকা আছে বলে জানান তিনি। ছিনতাইকারীরা টাকা নিয়ে রিকশা চালকসহ তাঁকে ধমকে জহুরুল হলের ভেতরের রাস্তায় পাঠিয়ে দেন। বলেন, কোনো ঝামেলা করলে গুলি করে দেবেন।
ছিনতাইকারীরা রিকশায় করে চলে যাচ্ছিলেন। মো. উজ্জ্বল একসাংবাদিকের সহযোগিতা চান। পরে ওই সাংবাদিকসহ কয়েকজন দৌড়ে ছিনতাইকারীদের একজনকে ধরে ফেলেন। তাঁর কাছ থেকে এক লাখ টাকা পাওয়া যায়।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম (বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মচারী) ও শাহবাগ থানার পুলিশকে জানানো হলে তাঁরা বাবুলকে আটক করে থানায় নিয়ে যান। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মামলার প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ৩:১০ অপরাহ্ণ