৩১শে মে, ২০২৬ ইং | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৯

খালাফ হত্যার আপিলের রায় ১০ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক:

ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টে রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার আপিল শুনানি শেষে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায় ঘোষণার দিন নির্ধারণের আদেশ দেন। আদালতে  রাষ্ট্রপক্ষে শুনানি করেন  ডেপুটি অ্যাটর্নি জেনারেল  বিশ্বজিৎ দেবনাথ। পলাতক আসামির পক্ষে (স্টেট ডিফেন্স) ছিলেন আইনজীবী হেলালউদ্দিন মোল্লা।

এর আগে ২০১৩ সালের ১৮ নভেম্বর এক রায়ে অধস্তন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দেন।

রায়ে সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সেলিম চৌধুরীকে খালাস দেওয়া হয়। এদের মধ্যে সেলিম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

এ রায়ের বিরুদ্ধে ২০১৪ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ। এর আগে ২০১২ সালের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এক রায়ে ওই ৫ আসামিকে মৃত্যুদণ্ড দেন।

২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের দুই দিন পর গুলশান থানা পুলিশ এ ঘটনায় মামলা করে। ওই বছরের ২০ সেপ্টেম্বর এ মামলায় পাঁচ আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। এর আগে সেলিম ছাড়া অপর চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২০, ২০১৭ ২:১৯ অপরাহ্ণ