নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় মনির হোসেন নামে একজনের বিরুদ্ধে তার স্ত্রী পারভিন আক্তাকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী মমিনা খাতুন জানান, পারভিন স্বামী মনির হোসেনসহ এক মেয়ে সুমাইয়া’কে নিয়ে ওই টিনসেট বাসার ২য় তলায় থাকতো। তার স্বামী নেশাখোর মনির হোসেন কোন কাজ করে না। কয়েক দিন ধরেই পারভিনের কাছে টাকা চাচ্ছিলো। এনিয়ে তাকে কয়েক দিন ধরে মারধর করছিলো। আজকে ভোর থেকে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি শোনা যাচ্ছিলো। সকাল ৯টার দিকে আমিসহ আরো কয়েকজন প্রতিবেশীরা মিলে ওই বাসায় গেলে পারভিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।
পরে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মৃত পারভিনের ছোট ভাই সাইফ উদ্দিন টিটু জানান, তাদের বাড়ি ফেনি সোনাগাজী উপজেলার সেন্নারখিল গ্রামে। পিতা নাম আব্দুর রব। ১ ছেলে ১ মেয়ের জননী সে। বিয়ের পর থেকে তারা রামপুরায় ভাড়া থাকতো। নেশার টাকার জন্য তার স্বামী প্রায় সময়ই মারধর করতো পারভিনকে। আজকে সকালে তাকে পিটিয়ে হত্যা করেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

