২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:০৬

গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে গরুচোর সন্দেহে ফারুক হোসেন (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার ভোরে পৌরসভার বড় বামনদাহ গ্রামে এ ঘটনা ঘটে। ফারুক বড়বামনদাহ গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি নড়াইলের কালিয়া উপজেলার গাজিরহাট গ্রামের একাব্বর বিশ্বাসের ছেলে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ভোরে ওই গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে গরু চুরি করতে যায় ফারুক হোসেন। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে ফারুককে ধরে গণপিটুনি দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকালে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ১১:৫৮ পূর্বাহ্ণ